ভুয়া খবর স্বপ্রণোদিত তদন্ত করতে পারবে প্রেস কাউন্সিল, আইন সংশোধনের প্রস্তাব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০১:৫৮ এএম
ভুয়া খবর স্বপ্রণোদিত তদন্ত করতে পারবে প্রেস কাউন্সিল, আইন সংশোধনের প্রস্তাব

গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য ও জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় স্বপ্রণোদিত হয়ে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেতে যাচ্ছে প্রেস কাউন্সিল। এ লক্ষ্যে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারত্ব, জবাবদিহি এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না।


তথ্যমন্ত্রী জানান, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য বা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলকে স্বপ্রণোদিত হয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা এবং মিথ্যা, হয়রানিমূলক ও নীতি-নৈতিকতাবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানাসহ কার্যকর বিধান যুক্ত করারও প্রস্তাব রয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, এসব উদ্যোগের মাধ্যমে গণমাধ্যমে জবাবদিহি ও পেশাদারত্ব আরও শক্তিশালী হবে এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!