বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগেই বড়সড় ধাক্কা খেল বেলজিয়াম শিবির। অসুস্থতার কারণে রবিবার ইরানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামা হচ্ছে না ম্যানচেস্টার সিটির তারকা উইঙ্গার জেরেমি ডোকুর।
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচের আগের দিন ডাচদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, গত দুই সপ্তাহ ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন ডোকু। তবে শিষ্যের শারীরিক অবস্থা নিয়ে খুব বেশি মুখ খোলেননি বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দোভাষীর সহায়তায় তিনি বলেন, ‘সে খেলতে পারছে না, তাই তাকে ছাড়াই আমাদের মাঠে নামতে হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় আমি নিশ্চিত হয়েছিলাম যে সে থাকছে না।’
খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ গার্সিয়া। তার সাফ কথা, ‘শতভাগ মেডিক্যাল ক্লিয়ারেন্স না থাকলে আমি কোনো খেলোয়াড়কে মাঠে নামানোর পক্ষপাতী নই। শারীরিক ঘাটতি থাকলেও খেলা যায়, কিন্তু চিকিৎসাগতভাবে পুরোপুরি ফিট থাকাটা জরুরি।
তবে আমি শতভাগ আত্মবিশ্বাসী যে আমাদের দল ভালো করবে এবং কালকের ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়বে।’
এর আগে মিসরের বিপক্ষে বেলজিয়ামের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে ছিলেন এই উইঙ্গার, খেলেছিলেন ৮৬ মিনিট পর্যন্ত। টুর্নামেন্ট শুরুর আগের সপ্তাহেও অনুশীলনের মাঝে শ্বাসকষ্টের কারণে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। কোচ অবশ্য জানালেন, ‘মিসরের বিপক্ষে ও ঠিকঠাকই খেলেছিল। কিন্তু এরপরই সমস্যাটা আবার বাড়ে।
জীবনের মতো শরীর বা পারফরম্যান্সেও চড়াই-উতরাই থাকে। তাই মেডিক্যাল টিমই তাকে বিশ্রামে রেখে পুরোপুরি সুস্থ করে তোলার সিদ্ধান্ত নিয়েছে।’
মাঠের সমস্যার পাশাপাশি মাঠের বাইরেও অবশ্য আলোচনায় আছেন ডোকু। আগামী জুলাইয়ের শুরুতে, অর্থাৎ নকআউট পর্বের সময় তার প্রথম সন্তানের জন্ম দেওয়ার কথা রয়েছে স্ত্রীর। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে প্রয়োজনে বিশ্বকাপ ছেড়েই চলে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন এই উইঙ্গার।
ডোকুর জায়গায় একাদশে কে আসছেন, তা খোলাসা না করলেও স্ট্রাইকার রোমেলু লুকাকুকে নিয়ে ইঙ্গিত দিয়েছেন কোচ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত মৌসুমে নাপোলির হয়ে প্রায় পুরোটা সময় মাঠের বাইরে থাকা ৩৩ বছর বয়সী এই তারকাকে এখনই শুরুর একাদশে ভাবছেন না গার্সিয়া। ইরানের বিপক্ষেও তিনি থাকছেন বদলি বেঞ্চেই।






























