বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১০:০৭ এএম
বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’, ‘স্ট্রেইট কাট’সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পাওয়া দীপ্তি চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা শুক্রবার সম্পন্ন হয়েছে। ঢাকার বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীপ্তি চৌধুরীর আক্দ অনুষ্ঠিত হয়। পারিবারিক আয়োজনে সম্পন্ন হওয়া এ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।


দীপ্তি চৌধুরীর স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। পেশায় তিনি শিক্ষক ও গবেষক। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করার পর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন একাডেমিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত।

বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করে দীপ্তি চৌধুরীর পরিবারের এক সদস্য বলেন, ‘আজ আক্দ হয়েছে। পরবর্তী সময়ে বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনায় সবাইকে দাওয়াত দেওয়া হবে। সবার কাছে দীপ্তির নতুন জীবনের জন্য দোয়া চাই।’
এরপর সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের আরও কয়েকটি ছবি প্রকাশ করেন দীপ্তি। ছবিগুলোতে নবদম্পতিকে হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত মুহূর্তে দেখা যায়। ছবির ক্যাপশনে স্বামীকে ‘মাস্টার সাহেব’ সম্বোধন করে লেখা তাঁর আবেগঘন বার্তাটি দ্রুতই নজর কাড়ে নেটিজেনদের।

পোস্টের মন্তব্যের ঘরেও শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে। সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
বিয়ের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দীপ্তি চৌধুরীকে ঘিরে আলোচনা চলছে। অনেকেই তাঁর নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়ে পোস্ট ও মন্তব্য করছেন। নতুন এ অধ্যায়ে পা রাখা দীপ্তি ও মুশতাক ইবনে আইয়ুবের জন্য শুভকামনা জানিয়েছেন তাঁদের ভক্ত-অনুরাগীরাও।

Link copied!