কালজয়ী প্লেব্যাক সংগীতশিল্পী সুমন কল্যাণপুর আর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১, ২০২৬, ১০:২২ এএম
কালজয়ী প্লেব্যাক সংগীতশিল্পী সুমন কল্যাণপুর আর নেই

হিন্দি চলচ্চিত্রের সোনালী যুগের অন্যতম জনপ্রিয় ও কালজয়ী প্লেব্যাক সংগীতশিল্পী সুমন কল্যাণপুর আর নেই। গত রবিবার রাতে মুম্বাইয়ের লোকন্ডওয়ালার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করে তার জীবনীকার মঙ্গলা খাড়িলকর জানান, জীবনের শেষ দিনগুলোতে এই কিংবদন্তি বিছানায় শুয়ে শুয়ে নিজের পুরোনো দিনের গানগুলোই শুনছিলেন। খুব শান্তিতেই ওপারে পাড়ি জমিয়েছেন তিনি।

গত শতাব্দীর ৬০ ও ৭০-এর দশকে মোহাম্মদ রফি, মুকেশ এবং কিশোর কুমারের মতো কিংবদন্তিদের সাথে জুটি বেঁধে অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন সুমন কল্যাণপুর। তার গাওয়া ‘আজকাল তেরে মেরে পেয়ার কে চর্চে’ (ব্রহ্মচারী), ‘না না করতে পেয়ার তুমহি সে’ কিংবা ‘তুমনে পুকারা অর হাম চালে আয়ে’ (রাজকুমার) গানগুলো আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে।

কণ্ঠের জাদুকরী মিলের কারণে অনেক শ্রোতাই তাকে কিংবদন্তি লতা মঙ্গেশকরের সাথে তুলনা করতেন। তবে সুমন কল্যাণপুর সবসময় এই তুলনাকে এড়িয়ে যেতেন এবং লতাজিকে নিজের একজন ভালো বন্ধু ভাবতেন। হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা, মারাঠি ও অসমীয়া ভাষাতেও তিনি বহু চমৎকার গান গেয়েছেন। এছাড়া গজল ও ভক্তিগীতিতেও তার কণ্ঠের জাদু শ্রোতাদের মুগ্ধ করেছিল।

সোমবার দুপুরে মুম্বাইয়ের একটি শ্মশানে এই চিরসবুজ গায়িকার শেষকৃত্য সম্পন্ন হবে। তার এই প্রস্থানে ভারতীয় সংগীত জগতের একটি সোনালী অধ্যায়ের অবসান ঘটল।

Link copied!