হেনস্তার শিকার নায়লা নাঈম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২, ২০২৬, ০১:৩০ পিএম
হেনস্তার শিকার নায়লা নাঈম

ঢাকার সাভারে প্রকাশ্যে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, বাজারে সবজি কিনতে গিয়ে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং মন্তব্য করেন পোশাক নিয়ে।

নিজের ফেসবুক পোস্টে নায়লা নাঈম লেখেন, “ব্যক্তিগতভাবে যারা আমাকে চেনেন সবাই জানেন আমি কতটুকু শালীন পোশাক পরে চলাফেরা করি। উল্লেখ্য আমি একজন অরাজনৈতিক ব্যক্তি।”

ঘটনার বর্ণনা দিয়ে তিনি দাবি করেন, “আমি আর আম্মু দাঁড়িয়ে সাভারের একটি লোকাল মার্কেট থেকে রাস্তার পাশে সবজি কিনছিলাম। মাথায় টুপি পরা, দাড়িওয়ালা ৪২ থেকে ৪৫ বছর বয়সী এক লোক আমাকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলেছে, আমার মাথায় পর্দা নেই। আমি কেন এরকম বাজারে বেপর্দা ঘোরাফেরা করছি।”

নায়লা নাঈমের ভাষ্য, ধাক্কা দেওয়ার ঘটনায় তার হাত থেকে ব্যাগ পড়ে যায় এবং বাম হাতে আঘাত পান। তিনি লিখেছেন, “ঘটনার আকস্মিকতা আমি বুঝে ওঠার আগেই আম্মু আমাকে টেনে নিয়ে অটোতে করে সেখান থেকে সরে যায়। আম্মু শুধু বলে, ‘গায়ে যদি কাপড় নিয়ে ফিরতে চাও, একটা টু শব্দ করবে না।’”
মায়ের আতঙ্কের কথাও উল্লেখ করেন নায়লা। তার দাবি, “আমার মা এখনো ভয়ে কাঁপছে।”
ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, “এটা স্বাধীন রাষ্ট্র? আমাকে উত্তর দিন?” পাশাপাশি দেশের পরিস্থিতি নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
নায়লা নাঈম বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও সাবেক ডেন্টাল সার্জন। মডেলিং ও বিনোদন অঙ্গনে কাজের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। সামাজিক মাধ্যমেও তার ব্যাপক অনুসারী রয়েছে।

Link copied!