কোরবানি ঈদের মুক্তিপ্রাপ্ত সিনেমাতেও থাকছেন তুষি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১২:২৪ এএম
কোরবানি ঈদের মুক্তিপ্রাপ্ত সিনেমাতেও থাকছেন তুষি

\হালের দর্শকপ্রিয় অভিনেত্রী লাক্সতারকা নাজিফা তুষি। গত ঈদে রায়হান রাফী নির্মিত ‘প্রেশার কুকার’ সিনেমা দিয়ে দর্শকের নজর কেড়েছেন তিনি। এ সিনেমার আলোচনার মধ্যেই এবার জানা গেল, আসছে কোরবানি ঈদের মুক্তিপ্রাপ্ত সিনেমাতেও থাকছেন তুষি। ‘হাওয়া’ খ্যাত পরিচালক মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ‘রইদ’ সিনেমায় দেখা যাবে তাকে।

‘হাওয়া’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে সাফল্য পাওয়া সুমন প্রায় চার বছর পর নতুন এই চলচ্চিত্র নিয়ে আসছেন। শুরুতে তার পরিকল্পনা ছিল ঈদের পর কিছুটা নিরিবিলি সময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার। তিনি মনে করেছিলেন, শান্ত পরিবেশে দর্শকরা ছবিটির গল্প আরও গভীরভাবে অনুভব করতে পারবেন। তবে সময়সূচির নানা বিবেচনায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলান তিনি। সামনে বিশ্বকাপ থাকায় মুক্তি পিছিয়ে দিলে দেরি হয়ে যেত। তাই বাধ্য হয়েই ঈদুল আজহাকেই ‘রইদ’-এর মুক্তির জন্য বেছে নির্মাতা।

পরিচালক সুমন বলেন, ‘রইদ’ একটি প্রতীকী ও বহুমাত্রিক আখ্যান। এখানে সাধু, তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ।

নির্মাতার ভাষ্যে, এই সিনেমায় তিনি হাজার বছরের পুরোনো আখ্যানকে সমসাময়িক অনুভূতির ভেতর দিয়ে পুনর্নির্মাণ করার চেষ্টা করেছেন। এতে গ্রামীণ বাংলার নান্দনিকতা ও চিত্রশিল্পী এস এম সুলতানের শিল্পভাবনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

সিনেমাটি মুক্তি নিয়ে নাজিফা তুষিও বেশ উচ্ছ্বাসিত। তিনি গণমাধ্যমকে বলেন, অনেকদিন পর মনের মতো একটি সিনেমায় অভিনয় করেছি। ছবির গল্প, চিত্রনাট্য, গান, চরিত্র সবকিছুতেই ব্যতিক্রমী ছোঁয়া রয়েছে। তাছাড়া নির্মাতা মেজবাউর রহমান সুমনের নির্মাণশৈলী নিয়ে বলার কিছু নেই। আমার বিশ্বাস, সিনেমাটি সব ধরনের দর্শক পরিপূর্ণ বিনোদন পাবেন।’

এদিকে সিনেমার মুক্তি উপলক্ষে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’। গানটি লিখেছেন ও সুর করেছেন ‘সহজিয়া’ ব্যান্ডের রাজীব আহমেদ রাজু, আর সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব।

পরিচালক জানান, সিনেমার শুটিং শুরুর প্রায় এক বছর আগেই গানটির কাজ শুরু হয়েছিল। তার মতে, এই গান শুধু একটি গান নয়, বরং ‘রইদ’ সিনেমার যাত্রার সূচনা। গানটির সুর ও আবহের মতোই ছবির গল্পও দর্শকের মনে গভীর ছাপ ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা।

সম্প্রতি ট্রেলার ও পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিনয়শিল্পী, নির্মাতা থেকে শুরু করে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল ও প্রত্যাশা।

Link copied!