একই সময়ে মঞ্চে অভিনয় শুরু করেন আলী যাকের ও আসাদুজ্জামান নূর। অভিনয়ের সুবাদেই তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। ২০২০ সালের ২৭ নভেম্বর আলী যাকেরের মৃত্যুর মধ্য দিয়ে সেই বন্ধুত্বের ইতি ঘটে। তবে বন্ধুর প্রতি টান আজও আসাদুজ্জামান নূরের কাছে অকৃত্রিম। তাই কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বন্ধুকে স্মরণ করবেন তিনি।
আলী যাকেরকে নিয়ে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আর সেই অনুষ্ঠানে থাকবেন নূর। আবৃত্তি করবেন আলী যাকের স্মরণে।
বুধবার (১০ নভেম্বর) বিকাল ৫টায় মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের মিলনায়তনে আয়োজন করেছে ‘সতত তোমাদের স্মরি’ শীর্ষক স্মরণানুষ্ঠান। যেখানে আলী যাকের ছাড়াও জাদুঘরের আরও দুই ট্রাস্টিকে স্মরণ করা হবে। তারা হলেন- রবিউল হুসাইন, জিয়াউদ্দিন তারিক আলী।
এছাড়াও অনুষ্ঠানে স্মৃতিচারণ করবেন নাট্যজন রামেন্দু মজুমদার, সংগীত পরিবেশন করবেন খায়রুল আনাম শাকিল ও লাইসা আহমেদ লিসা এবং তামান্না রহমানের পরিচালনায় নৃত্য পরিবেশন করবে ‘নৃত্যম’।
আলী যাকের অভিনয়ের পাশাপাশি দেশীয় বিজ্ঞাপনশিল্পের একজন পুরোধা ব্যক্তিত্বও। বাংলাদেশের শীর্ষ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটি-এর কর্ণধার ছিলেন তিনি।
শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে। এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদক লাভ করেছেন।





































