৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এর মঞ্চ বিশ্ব চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্রদের সম্মান জানানোর পাশাপাশি প্রতিবাদের মঞ্চ হিসেবেও নজর কেড়েছে। স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমের যুদ্ধবিরোধী অবস্থান এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন এখন আলোচনার কেন্দ্রে।
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কার দিতে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সঙ্গে মঞ্চে ওঠেন অস্কারজয়ী অভিনেতা হাভিয়ের বারদেম। পুরস্কার ঘোষণার আগে তিনি দৃঢ়কণ্ঠে বলেন, ‘যুদ্ধকে না বলুন এবং ফিলিস্তিনকে স্বাধীন করুন।’
খ্যাতিমান এই অভিনেতার সাহসী বক্তব্যে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে সমর্থন জানান। পাশেই থাকা প্রিয়াঙ্কা চোপড়াও হাসিমুখে মাথা নেড়ে সম্মতি জানান।
হাভিয়ের বারদেমের পোশাকে দুটি বিশেষ পিন বা ব্যাজ সবার নজর কেড়েছে। তিনি ‘নো আ লা গুয়েরা’ (যুদ্ধে না) লেখা একটি পিন পরেছিলেন।
এটি সেই একই ব্যাজ যা তিনি ২০০৩ সালে ইরাক যুদ্ধের প্রতিবাদে পরেছিলেন। দীর্ঘ ২৩ বছর পর ট্রাম্প ও নেতানিয়াহুর নেতৃত্বে চলা যুদ্ধের প্রতিবাদে তিনি এটি পুনরায় ধারণ করেন। তার অন্য ব্যাজটিতে ছিল হান্দালা নামক একটি কার্টুন চরিত্র, যা ফিলিস্তিনি প্রতিরোধের বিশ্বখ্যাত প্রতীক।
রেড কার্পেটে দাঁড়িয়ে এই অভিনেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে গাজায় যা ঘটছে তা একটি অবৈধ যুদ্ধ এবং এতে অসংখ্য নিরপরাধ মানুষ প্রাণ হারাচ্ছে। ২০১৬ সালে প্রথমবার উপস্থাপক হিসেবে অস্কারে যোগ দেওয়ার পর এবারও প্রিয়াঙ্কা চোপড়া এ মঞ্চে উপস্থাপক হিসেবে নজর কেড়েছেন।



































