ছোটপর্দার পরিচিত মুখ যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনা নতুন মোড় নিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধারের পর সামনে আসছে দাম্পত্যের চরম তিক্ততা ও মানসিক বিচ্ছিন্নতার একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নেটিজেনদের দাবি, পারিবারিক দ্বন্দ্ব এবং আলভীর এক সহশিল্পীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরেই ইকরা এই চরম পরিণতি বেছে নিয়েছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, দুপুর পৌনে ১২টায় পরিবারের সদস্যরা ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকেই বিষয়টি জানতে পেরে পুলিশ এখন বাসার সিসিটিভি ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।
মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি পোস্ট এখন ভাইরাল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৩টায় আলভী ফেসবুকে লেখেন, "ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।" সেই পোস্টে সরাসরি মন্তব্য করে ইকরা লেখেন, "অভিনন্দন। ভুল করলে মাফও মিলে না, মুক্তিও মিলে না। ভুল স্বীকার করতে পারলা! আমিন। আমার আমিকে মুক্তি করে দিলাম — আবার কাঁদছো কেন?"
আত্মহত্যার আগের দিন শুক্রবার সকালে একটি হাসিমুখের ছবি পোস্ট করে ইংরেজিতে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসও দেন ইকরা। সেখানে তিনি লেখেন, "কেউ একজন কারও পুরো জীবনটা ধ্বংস করে দিয়ে নিজের মাত্র একটি দিন নষ্ট হওয়ার জন্য কাঁদছে... কান্নার চেয়ে এই পরিহাসের আওয়াজ অনেক বেশি তীক্ষ্ণ।" সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব স্ক্রিনশট স্পষ্ট করে দিচ্ছে, দম্পতির মধ্যে সম্পর্কের ফাটল কতটা গভীরে পৌঁছেছিল।
ঘটনার সময় আলভী নেপালে 'দেখা হলো নেপালে' নাটকের শুটিংয়ে ছিলেন। খবর পেয়ে স্তম্ভিত হয়ে পড়েন তিনি এবং দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন বলে জানা গেছে। ২০১০ সালে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ এই দম্পতির 'রিজিক' নামে একটি পুত্রসন্তান রয়েছে। শোবিজের তারকারা এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।





























