টিকা দেওয়া নিশ্চিত হলে আগামী ২৭ সেপ্টেম্বরের পর খুলে দেওয়া হবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। একাডেমিক কাউন্সিলের সভা করে বিশ্ববিদ্যালয় খোলার ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ আবদুস সালাম বলেন, যাদের এনআইডি নেই তাদের জন্যও বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে ইউজিসি। এছাড়া সুরক্ষায় নিবন্ধনের পর মেসেজ না পেলে টিকা কার্ড নিয়ে গেলেই টিকা পাবে শিক্ষার্থীরা।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কিছু নিদের্শনা দেওয়া হয়েছে।
নিদের্শনা পরবর্তী সময়ে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, “এক ডোজ হলেও শিক্ষার্থীদের শতভাগ টিকা নিশ্চিত করে একাডেমিক কাউন্সিলের সভা করে ২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।”
ভিসি বলেন, “যেসব শিক্ষার্থী এখনো এক ডোজ টিকা গ্রহণ করেনি, তারা আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে এনআইডি দিয়ে সুরক্ষা অ্যাপে আবেদন করবে। যাদের এনআইডি কার্ড নেই তারা জন্মনিবন্ধন নম্বর দিয়ে ইউজিসির তৈরি বিশেষ অ্যাপে শিক্ষার্থীরা নিবন্ধন করবে। এরপর শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপে নিবন্ধর করতে পারবে। আগামী ২ দিনের মধ্যে ইউজিসি অ্যাপ তৈরী করবে। নিবন্ধনের পর মেসেজ না আসলেও সংশ্লিষ্ট টিকা কেন্দ্রে কার্ড নিয়ে গেলে টিকা গ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা।”
‘এরপরেও টিকা নিতে জটিলতার সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সভায় প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূইয়া, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।































