চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের ঘটনা এটি।
সদর থানার ওসি একরামুল হক জানিয়েছেন, চর চাকলা গ্রামের ‘মরা’ নদীতে গোসলে নেমে ডুবে গেছে একই পরিবারের পাঁচটি মেয়েশিশু।
তারা হলো— মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজামউদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)। তাদের বাড়ি একই গ্রামে।
মরা নদীটি মূলত পদ্মার একটি শাখা। সম্প্রতি বৃষ্টিতে ভরে ওঠে নদীটি। আজ দুপুরে সেখানে গোসলে নেমে ডুবে যায় শিশুরা। আশপাশের লোকজন তা দেখে নদীতে নামে। তবে কাউকেই জীবিত উদ্ধার করা যায়নি।





























