ড্রোন হামলায় নিহত মাদারীপুরের যুবক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৯:৪৮ পিএম
ড্রোন হামলায় নিহত মাদারীপুরের যুবক

উন্নত জীবন আর ভালো বেতনের আশায় মাদারীপুর সদরের এক যুবক রাশিয়া গিয়ে যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ওই যুবকের এক বন্ধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশে থাকা স্বজনদের মৃত্যুর খবর জানিয়েছেন বলে জানান মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল-নোমান।

নিহত সুরুজ কাজী (৩০) সদর উপজেলার দক্ষিণ খাগছড়া গ্রামের শাহাবুদ্দিন কাজীর ছেলে। দালালের মাধ্যমে সুরুজ রাশিয়ায় গিয়ে দেশটির সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হন বলে দাবি স্বজনদের।

শুক্রবার অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, “রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে সুরুজ নামের এক যুবক মারা গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তার লাশ দেশে কীভাবে আনা যায়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।”

সুরুজের বড় বোন শারমিন আক্তার বলেন, “প্রায় ১০ মাস আগে সুরুজকে রাশিয়ার একটি কোম্পানিতে ভালো বেতনের চাকরি দেওয়ার কথা বলেন একই গ্রামের দিলু মাতুব্বর ও ঢাকার জাফর মাতুব্বর। তাদের আশ্বাসে ও চুক্তির ভিত্তিতে আট লাখ টাকা দালালদের হাতে তুলে দেওয়া হয়। এরপর জাফর মাতুব্বরের এজেন্সির মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমান সুরুজ।

“সেখানে পৌঁছানোর পর সুরুজ জানতে পারে, সে দালালের প্রতারণার শিকার হয়েছেন। এক পর্যায়ে বাধ্য হয়ে চুক্তিতে সই করে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেয় সুরুজ। পরে তাকে পাঠিয়ে দেওয়া হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে।”

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও বার্তায় সুরুজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন একই গ্রামের বাসিন্দা ও তার সহপাঠী সাব্বির মাতুব্বর। ভিডিওতে যুদ্ধক্ষেত্রের ভয়াবহতার পাশাপাশি ড্রোন হামলা ও মাইন বিস্ফোরণে সুরুজের মৃত্যুর বিষয়টি জানানো হয়।

শারমিন আক্তার ক্ষোভ ও আহাজারি করে বলেন, “আমার ভাইরে দিলু দালাল আর ঢাকার জাফর দালাল মিল্লা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সেনাবাহিনীর কাছে বেইচ্চা হালাইছে। আমি ওই দালালদের ফাঁসি চাই, আমার ভাইরে ফেরত চাই।”

এ বিষয়ে জানতে দিলু মাতুব্বর ও জাফর মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এমনকি তাদের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়।

অতিরিক্ত জেলা প্রশাসক আল-নোমান বলেন, “নিহত যুবক কীভাবে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিলেন তা আমাদের জানা নেই। প্রবাসী অধ্যুষিত ওই এলাকা থেকে অনেকেই রাশিয়ায় গিয়ে যুদ্ধে জড়িয়েছেন। আমরা মনে করি এটি একটি ফাঁদ।”

এ ফাঁদে না পড়তে অভিবাসন প্রত্যাশীদের সর্তক থাকতে অনুরোধ জানান অতিরিক্ত জেলা প্রশাসক।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!