মেয়ের জন্মের পর মানসিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। এখন থেকেই মেয়েকে নিয়ে নানা পরিকল্পনা। কী কী শিক্ষা দেবেন, মেয়েকে খোলসা করলেন কিয়ারা।
কিয়ারা আডবাণীকে খুব শীঘ্রই দেখা যাবে অভিনেতা যশের বিপরীতে ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোনআপ্স’ ছবিতে। গত বছরই কন্যাসন্তানের মা হয়েছেন। মেয়ে সরায়াহের বয়স এখন ১০ মাস। মেয়ের জন্মের পর মানসিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। তবে এখন থেকেই মেয়েকে নিয়ে নানা পরিকল্পনা। কী কী শিক্ষা দেবেন, মেয়েকে খোলসা করলেন কিয়ারা।
কিয়ারা জানান, মা হওয়ার অভিজ্ঞতা তাঁর জীবনে এক বড় পরিবর্তন নিয়ে এসেছে। নায়িকা বলেন, “মাতৃত্ব একজন নারীর পরিচয়কে সম্পূর্ণ বদলে দেয়। একেবারে নতুন এক পৃথিবীতে প্রবেশ। সেই সময়ে নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া খুব কঠিন হয়ে পড়ে। অথচ, তখন নিজেকে সময় দেওয়াও খুব জরুরি। আমার ক্ষেত্রে ছ’মাস সময় লেগেছে নিজেকে বোঝাতে যে, নিজের প্রতি একটু নরম হওয়া দরকার।” এই সময় কিয়ারা বোঝেন, মেয়েকে এমন এক জন মানুষ তৈরি করবেন যে অন্যকে তুষ্ট করে চলবে না, যে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেবে। তাতে হয়তো কিছু ভুলও হতে পারে। কিন্তু সেই সিদ্ধান্ত ওর হবে।













