রংপুরে চার খুন

ঘটনার মোড় ঘুরছে অন্যদিকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৬, ১২:০৫ এএম
ঘটনার মোড় ঘুরছে অন্যদিকে

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারে চার খুনের ঘটনা তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। শুরুতে মাদকের বিষয়টি সামনে এলেও এখন পুলিশের ধারণা হত্যাকাণ্ডের পেছনে শুধু ইয়াবা সেবন দেখে ফেলার ঘটনা নয়, বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, জমি-সংক্রান্ত বঞ্চনার বিষয়ও ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

তিনি জানান, ময়নাতদন্ত ও আসামিদের আদালতে দেওয়া জবানবন্দিতে উঠে আসা বিভিন্ন তথ্য যাচাই করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ময়নাতদন্ত ও পুলিশের তদন্তে নতুন বেশ কিছু তথ্য সামনে এসেছে। নিহত শিক্ষক গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। গ্রেপ্তার দুই আসামির ডিএনএ পরীক্ষা ও ডোপ টেস্ট করা হবে।

বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ দুই তরুণ হত্যাকাণ্ড ঘটিয়েছেন আগে জানানো হলেও এখন পুলিশ কমিশনার বলেন, ইয়াবা সেবনে বাধার পাশাপাশি গণপতি চক্রবর্তীর পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে সিদ্ধার্থর অসন্তোষও থাকতে পারে।

সিদ্ধার্থ দাসের আদালতে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে তিনি বলেন, গণপতি চক্রবর্তীরা সিদ্ধার্থর পূর্বপুরুষের জমি কিনেছিলেন। সেই জমি তুলনামূলক বেশি দামে কেনা হলেও সিদ্ধার্থের পরিবারের শরিকরা তাদের প্রাপ্য টাকা পাননি। এ নিয়ে সিদ্ধার্থের মনে ক্ষোভ থাকতে পারে, এমন একটি বিষয় তারা তদন্ত করে দেখছেন বলেও জানান তিনি। এ ছাড়া গণপতি চক্রবর্তীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সামাজিক দূরত্বের বিষয়টিও আছে।


মাছুয়াপাড়ার অধিকাংশ বাসিন্দা দাস বংশের এবং গণপতি চক্রবর্তীর পরিবার ব্রাহ্মণ সম্প্রদায়ের। তাদের মধ্যে রাস্তাঘাটে দেখাসাক্ষাৎ হলেও বাসায় যাতায়াত বা ঘনিষ্ঠ মেলামেশা ছিল না। এটিও দুই তরুণের মনে কোনো ক্ষোভের কারণ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার পরিষ্কার করেন, রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও মেয়েকে বাসার তৃতীয় তলার খোলা ছাদে হত্যা করা হয়। পরে মা ও মেয়ের মরদেহ ছাদের গেটের ভেতরে সিঁড়িতে সরিয়ে রাখা হয়, যাতে পাশের বাড়ির ছাদ থেকে দেখা না যায়। ১২ বছর বয়সী ছেলে প্রিয়ম চক্রবর্তী ঘুম থেকে উঠে আসামি সিদ্ধার্থ দাসকে দেখে ফেললে তাকেও হত্যা করা হয়।

Link copied!