সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ৬ কেজি ১৪৮ গ্রাম ওজনের সোনা (৩৮টি স্বর্ণের বার) উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
সোমবার (৮ নভেম্বর) সকাল ৭টা ৫৮ মিনিটে সিলেটে আসা বিজি-২৪৮ বিমান বাংলাদেশের যাত্রী ছিলেন তিনি।
দুবাই ফেরত ওই যাত্রীর নাম পেরেন্দ্র নাথ। তার বাড়ি মৌলভীবাজারের নাজিরাবাদ এলাকায়। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের উপস্থিতিতে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ সোনার বারগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ।
গোয়েন্দা সংস্থার এক সদস্য জানান, ওই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি সোনার বারের কথা স্বীকার করেন। পরে বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ তা উদ্ধার করে।
স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ বলেন, “এগুলো বহনকারী ওই যাত্রী বর্তমানে কাস্টমস কর্তৃপক্ষের জিম্মায় আছেন। তাকে পুলিশে হস্তান্তর করা হবে।”







































