মুহিবুল্লাহ হত্যা মামলায় আরো ২ রোহিঙ্গা আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০৯:০৩ পিএম
মুহিবুল্লাহ হত্যা মামলায় আরো ২ রোহিঙ্গা আটক

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে একটি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে কক্সবাজারের কুতুপালং লাম্বাশিয়া ক্যাম্প ১/ওয়েস্ট, ব্লক: ডি/১১ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ১ নম্বর ক্যাম্পের ডি/১১ ব্লকের ছাব্বির আহম্মদের ছেলে আবুল কালাম ওরফে আবু (৩৪) ও একই এলাকার সৈয়দ আনোয়ারের ছেলে মো. নাজিম উদ্দিন (৩৫)।

গ্রেপ্তারদের উখিয়া থানায় সোপর্দ করা হবে বলে সংবাদ প্রকাশকে জানিয়েছেন ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।  

নাইমুল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাম্বাশিয়া ক্যাম্পের মোচরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এরা দুজনই রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১৬ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে “

এর মধ্যে আদালতে দুই জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান ১৪ এপিবিএন অধিনায়ক।

গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার শরণার্থী শিবিরে নিজ কার্যালয়ে অজ্ঞাত বন্দুকধারীদের হাতে খুন হন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ।
 

Link copied!