কক্সবাজারের রামুতে মালবাহী ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন।
শনিবার (৩০ অক্টোবর) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার রশিদ নগরের পানিরছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রামুর কাদমর পাড়ার ইউনুস সওদাগর ও তার ছেলে মো. রুবেল।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউনুস সওদাগরের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ছেলে রুবেল।
ইউনুস সওদাগরের ভাতিজা রফিকুল ইসলাম বলেন, “ট্রাকচাপায় চাচা ও চাচাতো ভাই রুবেল মারা গেছে। তাদের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। আমি সেখানে আছি।”
বিষয়টি নিশ্চিত করে রামু হাইওয়ে পুলিশের ইনচার্জ নাজমুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ট্রাকচাপায় একজন ঘটনাস্থলে ও সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।”

































