‘সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা কমাতে’


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৪:২৪ পিএম
‘সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা কমাতে’

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সড়ক দুর্ঘটনারোধে সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। নিরাপদ সড়কের জন্য প্রয়োজন সুন্দর রাস্তা, দক্ষ চালক এবং পরিকল্পনা। আমাদের দেশে ট্রাফিক সিগন্যাল না থাকা দুর্ঘটনার অন্যতম কারণ। পরিকল্পিতভাবে নগরকে গড়ে তুলতে পারলে দুর্ঘটনা অনেকাংশে কমবে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মেয়র তালুকদার আব্দুল খালেক। শুক্রবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি—এ স্লোগানকে সামনে রেখে খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার আলোচনা সভার আয়োজন করে।

এ সময় মেয়র বলেন, “স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই সংগঠন গড়ে তোলেন। সড়ক নিরাপত্তা নিশ্চিতে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করছেন তিনি। এ জন্য ইলিয়াস কাঞ্চনকে ধন্যবাদ। ইলিয়াস কাঞ্চনের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের ঘোষণা দেয়।”

খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইকবাল হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মণ্ডল।

বক্তব্য দেন নিসচার উপদেষ্টামন্ডলীর সদস্য খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল সিংহ রায়, বিআরটিএ এর খুলনা বিভাগের উপ-পরিচালক প্রকৌশলী কে এম মিজানুর রশীদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিচুজ্জামান, বিআরটিএ এর খুলনা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।

নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব। আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনা রোধে অবদান রাখায় ১০ জনকে জাহানারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান করা হয়।

পদকপ্রাপ্তরা হলেন সড়ক দুর্ঘটনা রোধে অবদান রাখায় বিআরটিএর খুলনা বিভাগের উপপরিচালক প্রকৌশলী কে এম মিজানুর রশীদ, চ্যানেল ২৪-এর খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীন, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল, দৈনিক সমকাল ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়, প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মণ্ডল, দৈনিক যুগান্তর ও দৈনিক সময়ের খবরের রিপোর্টার মো. নূর ইসলাম রকি, অনলাইন নিউজ পোর্টাল খুলনা গেজেট, সমাজসেবায় অবদান রাখায় শিল্পপতি খুলনা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল এবং নিজ অর্থায়নে সড়ক মেরামত করায় দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
 

Link copied!