উপ-নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০৬:২৪ পিএম
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী রেজাউল করিম মন্টু।

রোববার (১৭ অক্টোবর) সারিয়াকান্দি উপজেলা পরিষদের উপ-নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। এই দিন উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফরম জমা দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম মন্টু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী।

এদিকে দুপুরে সারিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে শাহজাহান আলী মনোনয়ন প্রত্যাহার করেন। এতে নির্বাচনেু একক প্রার্থী হয়ে যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম মন্টু।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাখাওয়াত হোসেন জানান, উপ-নির্বাচন উপলক্ষে দুই প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। একজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে মনোনয়ন জমা দেওয়া একমাত্র প্রার্থী থাকলেন রেজাউল করিম মন্টু। তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মনোনয়ন প্রত্যাহারের পর শাহজাহান আলী বলেন, “পারিবারিক সমস্যা এবং ব্যক্তিগত শারীরিক অসুস্থতার জন্য মনোনয়ন প্রত্যাহার করেছি হয়েছে।“

গত ১৮ আগস্ট উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুহম্মদ মুনজিল আলী সরকারের মৃত্যুর পর পদটি শূন্য হয়।

এরপর ৩০ সেপ্টেম্বর উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফশিল অনুযায়ী,  আগামী ২ নভেম্বর উপজেলা পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Link copied!