কুমিল্লায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, “কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্তে বের হয়ে আসবে। এ ঘটনায় অপরাধী যে ব্যক্তিই হোক, তাকে শাস্তির আওতায় আনা হবে।”
শুক্রবার (১৫ অক্টোবর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাংলাবাজারে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে পরিবেশমন্ত্রী বলেন, “আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের জুড়ী-বড়লেখায় এরকম কোনো ঘটনা হয়নি। কোনো দিন হবে না। কারণ এখানকার হিন্দু-মুসলিম, ভাই ভাই হিসেবে বসবাস করি। আমরা আত্মার আত্মীয় হিসেবে একে অন্যের সঙ্গে মিলে চলি। আমাদের ঈদে আপনাদের পূজায় আমরা একাকার হই। আনন্দ উপভোগ করি।”
আলোচনা সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক অনুকূল চন্দ্র দাসের সভাপতিত্বে ও অকিল চন্দ্র দাসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, তালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদুৎ কান্তি দাস, ইউনিয়ন যুবলীগের সভাপতি আফতার আলী, পূজা উদযাপন পরিষদের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ দাস প্রমুখ।
এর আগে মন্ত্রী উপজেলার পানিশাইল, গুলুয়া ও ভাঘাডহর প্রতিমা বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করেন।




































