সিলেট নগরীর বড়বাজার এলাকার একটি চারতলা বাসার ছাদ থেকে পড়ে আব্দুল আউয়াল (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) ভোরে ওই এলাকার ৬ নম্বর বাসার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। তিনি একমাস ধরে ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভোর ৫টা ১২ মিনিটে বাসার ছাদ থেকে তিনি নিচে পড়ে যান। তবে তিনি কীভাবে পড়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহত আব্দুল আউয়াল সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মৃত মনফর আলীর ছেলে ও সিলেট নগরীর আলহামরা শপিং সিটির আলিফ কালেকশন নামের একটি কাপড়ের দোকানের সত্ত্বাধিকারী বলে জানা গেছে।
ব্যবসায়ীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন।
এসআই মফিজ উদ্দিন বলেন, “ছাদ থেকে পড়ে একজনের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি।”
স্থানীয় কাউন্সিলর রেজওয়ান আহমদ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, আব্দুল আউয়াল একসময় শিক্ষকতা করতেন। কিছুদিন প্রবাসেও ছিলেন। দেশে ফিরে তিনি ব্যবসা করছিলেন। নানা কারণে তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। তার কোনো শত্রু ছিল না এবং এটিকে পরিবার অপমৃত্যু হিসেবেই দেখছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মইনুল জাকির জানান, ময়নাতদন্তের পর ব্যবসায়ীর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।





































