গাজীপুরের কালীগঞ্জে প্রেমিকাকে হত্যার পর হৃদয় গোমেজ (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত প্রেমিকার নাম ইভানা রোজারিও (২২)।
বুধবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামে পুলিশ হৃদয়ের বাড়ি থেকে ওই দুজনের লাশ উদ্ধার করে।
হৃদয় গোমেজ সাতানীপাড়া গ্রামের মৃত সমর গোমেজের ছেলে। ইভানা রোজারিও (২২) একই উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বান্দাখোলা এলাকার মৃত স্বপন রোজারিওর মেয়ে। হৃদয় ব্র্যাকে এবং ইভানা একটি ক্লিনিকে কাজ করতেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কাওসার আলম জানান, হৃদয় ও ইভানার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গতকাল সকালে হৃদয়ের মা ও চাচা জমি রেজিস্ট্রি করতে কালীগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে যান। হৃদয় বাড়িতে ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফিরে তার মা দেখেন ঘর অন্ধকার। দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও হৃদয়ের সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি মেরে দেখেন মেঝেতে ছেলে ও তার প্রেমিকার রক্তাক্ত লাশ পড়ে আছে।
পরে পুলিশ এসে রাত ১০টার দিকে ঘরের বারান্দার গ্রিল ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, সকালে হৃদয়ের মা বাড়ি থেকে বেরিয়ে গেলে কোনো এক সময় প্রেমিকা ইভানা হৃদয়ের কাছে আসেন। পরে কোনো এক সময় তাকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন হৃদয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, ইভানার গলা কাটা আর হৃদয়ের পেটে অনেকগুলো ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মৃত অবস্থায় তার (হৃদয়) হাতে চাকু ধরা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ক্ষোভ থেকে ইভানার গলায় ছুরি চালিয়ে হত্যার পর হৃদয় নিজের পেটে চাকু মেরে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।







































