পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে লোহা দিয়ে বাঁধ দিলেও সেটি টিকবে না। একে তো জলবায়ু পরিবর্তন হচ্ছে অন্যদিকে যদি অবৈধভাবে যত্রতত্র বালু উত্তোলন বন্ধ না হয় তাহলে কোনোভাবেই নদীভাঙন বন্ধ হবে না আর শহর রক্ষা বাঁধও টিকবে না।
বুধবার (৬ অক্টোবর) সোমবার সকাল সরকারি সফরে মানিকগঞ্জ ও রাজবাড়ীর নদীভাঙন কবলিত স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রাজবাড়ীর গোদার বাজার এলাকায় একটি সংক্ষিপ্ত সভায় অংশ নেন।
সভায় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, “সরকার আন্তরিকতার সঙ্গে প্রত্যেকটি প্রকল্প গ্রহণ করে এবং সেটি সম্পন্ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন সময়ে যে উন্নয়ন হচ্ছে সেটি বিগত যে কোনো সরকারের শাসন সময়ের চেয়ে বেশিই হচ্ছে। আমরা সৎ সাহস রাখি, সে জন্য ভাঙনের পরও আমরা সাধারণ জনগণের সাথে দেখা করতে এসেছি।”
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “সেনাবাহিনীকে দিয়ে শহর রক্ষার বাঁধের কাজ করানো হলে, পানি উন্নয়ন বোর্ডের প্রয়োজন আছে বলে মনে হয় না। তাহলে, তখন আমাদের ভাবতে হবে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা তাদের সক্ষমতা হারিয়ে ফেলেছে। এই নদী শাসন ও শহর রক্ষা বাঁধের কাজ পানি উন্নয়ন বোর্ডের। তাই এইখানে তাদেরই সক্ষমতার পরিচয় দিতে হবে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ-দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী, রাজবাড়ী জেলার জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পুলিশ সুপার এম.এম. শাকিলুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমী মো. সায়েফসহ জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।




































