বিকাশ কর্মকর্তার ওপর হামলা, প্রায় ৪ লাখ টাকা ছিনতাই


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৫:৫৯ পিএম
বিকাশ কর্মকর্তার ওপর হামলা, প্রায় ৪ লাখ টাকা ছিনতাই

জামালপুরের সরিষাবাড়ীতে বিকাশের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) নাজমুল তরফদারকে (৩২) পিটিয়ে তিন লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সরিষাবাড়ী পৌর এলাকার চিল রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত নাজমুল সরিষাবাড়ী পৌরসভার প্যানেল মেয়র (কাউন্সিলর) আব্দুল হক তরফদারের ভাতিজা ও শিমলাবাজারের সোলাইমান তরফদারের ছেলে।

নাজমুল তরফদার জানান, বেলা সাড়ে ১২টার দিকে আলতা হল রোডের চিল রেস্টুরেন্টের সামনে একটি দোকানে বসে বিকাশের স্টাফ লেলিন, জুয়েল, কাজলকে নিয়ে তিনি হিসাব-নিকাশ করছিলেন।

পাশেই বিকাশের একটি অনুষ্ঠান চলছিল। এসময় অতর্কিতভাবে শরীফ আহমেদ নীরব, নাঈমুর রহমান দূর্জয়, জুয়েল রানা জিতু, সুমন, সরোয়ারসহ ৮-১০ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।

তাকে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে তারা। নাজমুলের কাছে থাকা বিকাশের প্রায় তিন লাখ ৭০ হাজার টাকা, স্মার্টফোন ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

অভিযোগ করে নাজমুল আরও বলেন, হামলাকারী সন্ত্রাসীরা গত পৌরসভা নির্বাচনে পরাজিত এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে ছিল। কিন্তু তার চাচা আব্দুল হক তরফদার কাউন্সিলর নির্বাচিত হন। এরপর থেকে তারা আমার ও পরিবারের ওপর ক্ষিপ্ত ছিল এবং বিভিন্ন সময় হুমকি দেয়। তারা নামধারী ছাত্রলীগ।

নাজমুল তরফদারের মা নাজমা বেগম জানান, সন্ত্রাসীরা গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন শিবলু জানান, হামলাকারীরা ছাত্রলীগের কেউ না, তাদের কোনো পদ-পদবি নেই। তারা ছাত্রলীগের নামধারী সন্ত্রাসী। কিন্তু তাদের অপকর্মে দায় ছাত্রলীগ নেবে না।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, “এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।”

Link copied!