গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদিকে পঞ্চগড়ে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় এক শিশু মারা গেছে।
গোপালগঞ্জ
জেলার কাশিয়ানীতে গাড়ির ধাকায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম উৎপল বিশ্বাস (২৬) এবং আহত হয়েছেন শামীম তালুকদার ও মিঠুন বিশ্বাস। তারা তিনজনই ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা সদরের বাসিন্দা।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নূর সোলাইমান বলেন, “মারাত্মক আহত অবস্থায় শামীম ও মিঠুনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উৎপলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
পঞ্চগড়
তেঁতুলিয়ায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় রাব্বি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার চৌরাস্তা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাব্বি ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাব্বি দেবনগর বাজার থেকে চৌরাস্তা যাওয়ার আঞ্চলিক সড়কের পাশে হাঁটছিল। এ সময় চৌরাস্তা বাজারগামী একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে রাব্বি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে ওই চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।
দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহসিনুল হক দুর্ঘটনায় শিশুর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


































