প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হতে রংপুরের পাঁচটি কেন্দ্রে শিক্ষার্থীদের ভর্তিযুদ্ধ সম্পন্ন হয়েছে। আজ ‘ক’ ইউনিটের পরীক্ষায় বিভাগের ৮ জেলার ১০ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর সরকারি কলেজ ও কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজসহ পাঁচটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে ঢাবিতে ভর্তি-ইচ্ছুক রংপুর অঞ্চলের শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রগুলোতে প্রবেশের জন্য কেন্দ্রের মূল ফটকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সরকারি নির্দেশনা মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে ঢাবির পক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্থানীয়ভাবে সমন্বয় করছে।
পরীক্ষা গ্রহণের যাবতীয় বিষয় গতকালকেই সম্পন্ন করা হয়েছে বলে জানান ঢাবি ভর্তি পরীক্ষার সমন্বয়ক (রংপুর অঞ্চল) প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান।
হাফিজুর রহমান জানান, “রংপুর অঞ্চলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিড়ম্বনা লাঘব করতে এবারেই প্রথম ঢাবির ভর্তি পরীক্ষা বাইরের বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ‘ক’ ইউনিটের ঢাবির প্রথম ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালীন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের নিজস্ব নিরাপত্তা টিমের ব্যবস্থা ছিল।”





































