একসঙ্গে ৫ সন্তান প্রসব


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ১১:২৪ পিএম
একসঙ্গে ৫ সন্তান প্রসব

চাঁপাইনবাবগঞ্জের জেসমিন খাতুন (২৪) নামে এক নারী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচটি সন্তান প্রসব করেছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) নিজ বাড়িতেই সাড়ে পাঁচমাসের একটি শিশুর জন্ম দেন জেসমিন। বাকি চারজন জন্ম নেয় রামেকে।

তবে সব শিশুই প্রি-ম্যাচিউরড ভাবে ভূমিষ্ঠ হওয়ায় একজনকেও বাঁচানো যায়নি।

জেসমিন নামে ওই নারী চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের কাবাতুল্লাহ মোল্লাটল্লা গ্রামের নির্মাণ শ্রমিক শহিদুল ইসলাম শহিদের স্ত্রী।

বাড়িতে এক শিশুর জন্মের পর জেসমিনের নানা জটিলতা দেখা দেয়। পরে বিকেলে তাকে রামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে আরও চারটি শিশুর জন্ম দেন তিনি।

এরপর তাকে ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করে রাখা হয়। শিশুদের রাখা হয় ২৪ নম্বর ওয়ার্ডের একটি ইনকিউবেটরে।

হাসপাতালে জেসমিনের মা ফুলসন বেগম জানান, বিয়ের পর প্রথমবার গর্ভধারণ করেছিলেন তার মেয়ে। বাড়িতেই প্রথমে তার একটি মেয়ে সন্তান হয়। সে জন্মের পরপরই মারা যায়। এরপর হাসপাতালে নেওয়া হলে পর পর চারটি ছেলে সন্তান হয়।

২৪ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক রাফিদ মোস্তফা বলেন, মাত্র সাড়ে চার মাসের কিছু বেশি বয়স হয়েছিল বাচ্চাগুলোর। এ অবস্থায় এদের কোনোভাবেই বাঁচিয়ে রাখা সম্ভব ছিল না। জেসমিনের বাড়িতে একটি সন্তান হয়। পরে বেলা ৩টার দিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে আরও চার শিশুর জন্ম হয়। আগের একজনসহ মোট ৫টি শিশুই মারা গেছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!