হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মা-বাবার সঙ্গে অভিমান করে সজীব মিয়া নামের (১০) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত সজীব পুরাইকলা গ্রামের মুন্সিবাড়ির জমসু মিয়ার ছেলে এবং বাঘাসুরা আলিয়া মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সজীব মাদ্রাসায় না গিয়ে টিভিতে ভারতীয় সিরিয়াল দেখছিল। এ জন্য বাবা-মা তাকে শাসন করে। এতে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এবং পুলিশে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।





































