নড়াইলের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যাওয়ার ঘটনায় ইউপি চেয়ারম্যান ও তার এক সহযাত্রী নিহত হন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কালিয়া উপজেলার বড়দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খাশিয়াল ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট ও তার সহযোগী ছিলেন শওকত। শওকত কলেজের নাইটগার্ড ছিলেন।
স্থানীয়রা জানায়, নিজ প্রাইভেটকারে কালিয়া এলাকার পাটনা গ্রাম থেকে বড়দিয়ায় আসছিলেন ইউপি চেয়ারম্যান খান রাসেল। পথে ডুমুরিয়া নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। খালের পানিতে ডুবেই ইউপি চেয়ারম্যান সুইট ও তার সহযোগী শওকত নিহত হন।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।




































