গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের হিমেল (৩০) গাজীপুর সদরের লেহাজ উদ্দিন (৭৯) ও সুনামগঞ্জ সদরের রমিসা (৬৫)।
ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, আইসিইউতে ৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯৯ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৭৪টি নমুনা পরীক্ষা করে ৩৯ জন করোনা শনাক্ত হয়েছেন।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়। এ সংখ্যা গত ৯৯ দিনে সর্বনিম্ন। গত ৭ জুন ৩০ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে সারা দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার সাতজনে। আর ৩৫ জনের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১৪ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৩ জন ও বেসরকারি হাসপাতালে দুইজন মারা যান।





































