সাভারে যুবলীগ নেতা গ্রেপ্তার


সাভার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৯:৫০ পিএম
সাভারে যুবলীগ নেতা গ্রেপ্তার

পুলিশের কাজে বাঁধা ও হামলার অভিযোগে সাভারের আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সুমন পন্ডিকে (৩৫) মাতাল অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম।

এর আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নবীনগর এলাকায় জাতীয় স্মৃতিসৌধের সামনে কর্তব্যরত পুলিশ সদস্য গাড়িচালক রাশিদুল ইসলামের ওপর হামলা করেন সুমন পন্ডি। এ সময় ঘটনাস্থলে ছিলেন এসআই হাচিব শিকদার। 

গ্রেপ্তারকৃত সুমন পন্ডি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রাম এলাকার মৃত শাহ আলমের ছেলে। তিনি বর্তমানে পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এসআই হাচিব সিকদার জনান, ৯৯৯-এ এক মারামারির ঘটনা শুনে তারা স্মৃতিসৌধের সামনে যান। সেখানে মারামারির সঙ্গে জড়িত অজ্ঞাতনামা কারও পক্ষ নিয়ে পুলিশের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করেন সুমন পন্ডি এবং তার সঙ্গে থাকা পুলিশের গাড়িচালক রাশিদুলকে মারধর করে জখম করে। এ সময় সুমন পন্ডি পুলিশের কাজে বাধা প্রদান করেন এবং পুলিশ সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, “সুমন পন্ডির বিরুদ্ধে বিভিন্ন ধারায় আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। আটক সুমনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।”

এর আগে ২০১৯ সালের ৩ আগস্ট ফেনসিডিল ও এক সহযোগীসহ পুলিশের কাছে আটক হন সুমন পন্ডি ওরফে সুমন পন্ডিত ওরফে সুমন মন্ডল পণ্ডিত।

Link copied!