রংপুর থেকে প্রকাশিত ৮টি পত্রিকার মুদ্রণ, বিতরণ ও প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসন কার্যালয় এ ঘোষণা দেওয়া হয়।
এরমধ্যে চারটি দৈনিক ও চারটি সাপ্তাহিক পত্রিকা রয়েছে। দীর্ঘদিন ধরে প্রকাশনা অব্যাহত না থাকায় আইন অনুযায়ী এসব পত্রিকার প্রকাশনা নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পত্রিকাগুলো হলো দৈনিক গণআলো (প্রকাশক সেরাফুল হোসেন), দৈনিক নতুন স্বপ্ন (প্রকাশক আব্দুল আজিজ চৌধুরী সাঈদ), দৈনিক বাহের সংবাদ (প্রকাশক সৈয়দা নাসরিন সুলতানা), দৈনিক রংপুর চিত্র (প্রকাশক এএসএম রুবাইয়াত ফারমান), সাপ্তাহিক উত্তরের হালচাল (প্রকাশক শাহ্ আলম কবির), সাপ্তাহিক তুফান (প্রকাশক আব্দুল হালিম আনছারী), সাপ্তাহিক কাউনিয়া (প্রকাশক শাহ্ মোব্বাসারুল ইসলাম) ও সাপ্তাহিক সমর্থন (প্রকাশক দেবাশীষ দাস)।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন-১৯৭৩’ অনুসারে নিষিদ্ধ পত্রিকাগুলো তিন মাস বা তার অধিক সময় ধরে প্রকাশিত হয়নি। এসব পত্রিকার সম্পাদক ও প্রকাশক পত্রিকার প্রকাশনা অব্যাহত না রাখার কারণ জানাতে ব্যর্থ হয়েছে। এ কারণে আইনের ৯ ধারার (৩-ক) উপধারার বিধান মোতাবেক ওই আটটি পত্রিকার ঘোষণাপত্র বাতিল করে পরবর্তী মুদ্রণ, বিতরণ ও প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসক আসিব আহসান জানান, পত্রিকাগুলো দীর্ঘদিন থেকে প্রকাশ হচ্ছিল না। তাদের কাছে জবাব চাইলে তারা সন্তোষজনক জবাব দিতে পারেননি। তাই আইন অনুযায়ী চিঠি দিয়ে পত্রিকাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।




































