‘কৃষি পণ্য প্রক্রিয়াজাত করে দাম বাড়াতে চাই’


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০৯:২৯ পিএম
‘কৃষি পণ্য প্রক্রিয়াজাত করে দাম বাড়াতে চাই’

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, “কৃষি পণ্যের প্রক্রিয়া জাত করে এ গুলোর দাম বৃদ্ধি এবং মূল্য সংযোজন কর যোগ করতে চাই।” 

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কামারালী মাঠে টমেটো ক্ষেত পরিদর্শন শেষে সেখানে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেছেন, “বাংলাদেশ এক সময় ছিল খাদ্যঘাটতি ও দুর্ভিক্ষের দেশ। সারা পৃথিবীতে আমরা খাদ্যের জন্য ঘুরে বেড়াতাম। তবে আজকে খুব খুশির কথা, আনন্দের কথা দানা জাতীয় খাদ্য, চাল, গম, ভুট্টা, এগুলোতে আমরা পিছিয়ে নাই, অত ঘাটতিও নাই। যদি ভাল অনুকুল আবহাওয়া থাকে তাহলে আমরা খাদ্যে স্বয়ং সম্পন্ন। কোনো কোনো বছর বেশিও হয়।”

কৃষিমন্ত্রী আরও বলেছেন, “এই প্রেক্ষিতে বর্তমান সরকার দুই মেয়াদ শেষ করে তৃতীয় মেয়াদে যে নির্বাচনী ইস্তেহার দিয়েছে সেখানে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমাদেরকে এখন পুষ্টি জাতীয় খাবারের নিশ্চয়তা দিতে হবে। আমাদেরকে নিরাপদ খদ্যের নিশ্চয়তা দিতে হবে। এই লক্ষে আমরা আমাদের যে অগ্রাধিকার সেক্টর আছে তার মধ্যে কৃষি সেক্টরকে আধুনিকিকরণ ও জাতীয়করণ করতে চাই এবং কৃষি পণ্যের প্রক্রিয়া জাত করে এ গুলোর দাম বৃদ্ধি করতে চাই এবং মূল্য সংযোজন কর যোগ করতে চাই।”

ভারত থেকে দেশে আর কোনো টমেটো আমদানি করা হবে না উল্লেখ করে আব্দুর রাজ্জাক আরও বলেন, “এটি আমরা বন্ধ করব। আমরা আমাদের দেশ থেকে বরং টমেটো বিদেশে রপ্তানি করব। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। চাষীদের সহযোগিতা দিচ্ছি এবং প্রনোদোনাও দিচ্ছি।”

উপকূলবর্তী এলাকায় আগে একটি মাত্র ফসল হতো সেটি রোপা আমন মন্তব্য করে তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে এখানে শীতকালীন ও গ্রীষ্মকালীন সময়ে লবণাক্ত সহিষ্ণু ধানের জাত-৬৭ আবাদ শুরু হবে। ইতিমধ্যে আবাদ শুরুও হয়েছে। এটির ব্যাপক আবাদ হবে। এটার জন্য প্রধানমন্ত্রী নির্দেশও দিয়েছেন যে দ্রুত এই ধান পুরো এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য। এর জন্য আরও লবণাক্ত মুক্ত পানির ব্যবস্থা করতে হবে। যেটি নিয়ে আমরা চিন্তা করছি এবং কাজও করছি।” 

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন প্রমুখ। 

Link copied!