টাঙ্গাইলের কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই চালকসহ ২৫ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে কালিহাতী সদরের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালিহাতী ফায়ার সার্ভিসের টিম লিডার মনিরুজ্জামান ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী অর্কিট এলিগেন্স নামক একটি বাস জামালপুরের দিকে যাচ্ছিল এবং অপর প্রান্ত থেকে গোপালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় কালিহাতী পেট্রোল পাম্প সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে দ্রুতগামী পরিবহনের বাসটি অন্য একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে অর্কিট এলিগেন্স বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে প্রায় ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
কালিহাতী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহেদুর রহমান বলেন, “আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ পর্যন্ত ২৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। এখন পর্যন্ত নিহতের কোনো তথ্য পাইনি। এ ঘটনায় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হলে রেকার এনে বাস দুটি সড়কের উপর থেকে সড়িয়ে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”








































