ডাকাতি করে মসজিদে আশ্রয়, গণপিটুনিতে নিহত ১


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০৩:২৭ পিএম
ডাকাতি করে মসজিদে আশ্রয়, গণপিটুনিতে নিহত ১

সিলেটের গোলাপগঞ্জে ডাকাতি শেষে ডাকাতদল মসজিদে আশ্রয় নেয়। পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এর আগে ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে পাঁচজন আহত হয়েছেন।

রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মিশ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত ডাকাতের নাম-পরিচয় জানা যায়নি।

ডাকাতদের গুলিতে আহতরা হলেন পশ্চিম দত্তরাইল গ্রামের সাহাবুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২২) ও মানোয়ার হোসেন (২৪), একই এলাকার আতিব আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০), বকু মিয়ার ছেলে আরমান আহমদ (৩০) ও মনন আহমদের ছেলে দুলাল আহমদ (২৭)। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৫-৬ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল ভোর রাতের দিকে স্থানীয় জ্ঞান সেনের বাড়িতে ঢুকে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে বেঁধে ফেলে ডাকাতদল। জ্ঞান সেনের ছেলে দুলাল সেন (৪০) বাধা দিলে তাকে বেধড়ক মারধর করে। ঘরে থাকা ২ লাখ টাকা, ক্যামেরা, ১ হাজার কানাডিয়ান ডলার ও ৫ ভরি স্বর্ণ হাতিয়ে নেয় ডাকাতদল।

ডাকাতি শেষে ডাকাতদল পশ্চিম দত্তরাইল জামে মসজিদে আশ্রয় নিলে মসজিদের ইমাম বিষয়টি স্থানীয়দের জানায়। এ সময় স্থানীয়রা চারপাশ থেকে ডাকাতদলকে ঘিরে ফেলে। পরে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে গেলেও দলের একজন গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যায়।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান বলেন, “ডাকাতদের একজন মারা গেছে। আর স্থানীয় অন্তত ৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।”
 

Link copied!