বঙ্গবন্ধু সেতুতে এক দিনে টোল আদায় দুই কোটি টাকা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩, ০২:০২ পিএম
বঙ্গবন্ধু সেতুতে এক দিনে টোল আদায় দুই কোটি টাকা

আসন্ন ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। এই ঈদ সামনে রেখে ঈদের ছুটির আগেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধির ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ছোট-বড় ২২ হাজার ৪৮৫টি যান পারাপার এবং ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। তার মধ্যে বঙ্গবন্ধু সেতু-পূর্ব  টাঙ্গাইল অংশে ১১ হাজার ৫৫৮টি যানবাহন পারাপার করেছে ও টোল আদায় হয়েছে এক কোটি ৩ লাখ ১৬ হাজার টাকা এবং সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ১০ হাজার ৯২৭টি যানবাহন পারাপার করেছে ও টোল আদায় হয়েছে ১ কোটি ৬ লাখ ৬২ হাজার ৯০০ হাজার টাকা।

এদিকে মঙ্গলবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইল রাবনা বাইপাস, এলেঙ্গা বাসস্ট্যান্ড ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় ঘুরে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়তে দেখা গেছে। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, যানবাহনের চাপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ২২ হাজার ৪৮৫টি যানবাহন পারাপার এবং ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। ঈদে ঘরমুখো মানুষদের যাতে ভোগান্তিতে পড়তে না হয় সে লক্ষ্যে অতিরিক্ত টোল বুথ বসানো হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!