নারীকে পিটিয়ে ঘরবন্দি, আটক ২


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩, ১২:৪২ পিএম
নারীকে পিটিয়ে ঘরবন্দি, আটক ২

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ছাদেকা ইয়াসমিন (২৫) নামের এক নারীকে পিটিয়ে বসতঘরে আটকে রাখার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব গোয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাদেকা ইয়াসমিন মো. ফারুকের স্ত্রী।

আটকরা হলেন সদর ইউনিয়নের পূর্ব গোয়াখালী এলাকার নেছার আহমদ (৬০) ও কুতুবদিয়া উপজেলার নাজের হোসাইন (৩৫)। 
নাজের হোসাইন পেকুয়া বাজারের মডেল তারতীলুল কোরআন হিফজ মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত। তিনি নেছার আহমদের বাড়িতে ভাড়া থাকতেন। ভুক্তভোগী নারীও নেছার আহমদের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাদেকা ইয়াসমিন নেছার আহমদের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন। এই সূত্রে ছাদেকার কাছ থেকে দুই লাখ টাকা ধার নেন নেছারের ছেলে বেলাল উদ্দিন। সেই টাকা চাইতে গিয়ে ছাদেকা একাধিকবার নাজেহাল হয়েছেন। সবশেষ শুক্রবার রাতে টাকা চাইতে গেলে বেলালের স্ত্রীর সঙ্গে ছাদেকার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পাশের বাসার ভাড়াটিয়া নাজের হোসাইন ঘর থেকে বের হয়ে লোহার খুন্তি দিয়ে ছাদেকাকে আঘাত করেন। একপর্যায়ে নেছার আহমদ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ছাদেকাকে মারধর করে বাড়ির দ্বিতীয় তলায় আটকে রাখেন। 

ছাদেকার স্বামী মোহাম্মদ ফারুক জানান, “তাঁর স্ত্রী আঘাত সহ্য করতে না পেরে অচেতন হয়ে পড়েন। তখন মৃত ভেবে হামলাকারীরা তাকে ঘরের দ্বিতীয় তলায় আটকে রাখেন।”

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, “ওই নারীকে মারধরের পর নেছারের বাড়িতে আটকে রাখা হয়। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, “ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে নাজের হোসাইনকে আটক করা হয়। পরে রাত ২টার দিকে বারবাকিয়া এলাকা থেকে নেছার আহমদকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!