নোয়াখালীর চাটখিলে ড্রেন থেকে আব্দুল মান্নান (৮০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ডাকবাংলোর সামনের নির্মাণাধীন ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আব্দুল মান্নান উপজেলার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির জিগির মিয়ার ছেলে।
নিহতের ভাতিজা নাসির আহমেদ জানান, সোমবার এশার নামাজের পর বাড়ির পাশের দোকানে চা খেতে যান মান্নান। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তার মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি চা খেতে গিয়ে বাড়ি ফেরার পথে ড্রেনে পড়ে মারা যান।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




































