সিলেট-৩ উপনির্বাচনের ভোট গ্রহণ শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগের হাবিবুর রহমান (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল), নির্বাচনে নেমে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া (ডাব)।
সিলেটের তিন উপজেলা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে সিলেট-৩ আসন গঠিত। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার এবং ভোটকেন্দ্র রয়েছে ১৪৯টি। সব কটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে।
এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
গত ১১ মার্চ এ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু হয়। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের দিন নির্ধারণ করা হয় ১৪ জুলাই। কিন্তু করোনা পরিস্থিতির কারণে কয়েক দফা তারিখ পরিবর্তনের পর ৪ সেপ্টেম্বর ভোট গ্রহণ নির্ধারিত হয়।




































