ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০১:১৬ পিএম
ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর সদর উপজেলায় রাস্তার পাশের ডোবা থেকে আবদুর রহিম (১৮) নামের এক যুবকের পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১৯ নম্বর চরমটুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর বাঞ্ছারাম গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবদুর রহিম সদর উপজেলার ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নের মাইজচরা গ্রামের হোসেন আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে এলাকাবাসী নিহত রহিমের মরদেহ রাস্তার পাশে একটি ডোবার মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রহিম পার্শ্ববর্তী ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা। 

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রাস্তার পাশের ডোবা থেকে পুলিশ পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার করেছে। কে বা কারা তাকে হত্যা করে এখানে মরদেহ ফেলে গেছে, তা জানা যায়নি। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Link copied!