গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে।
রোববার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার ডুমদিয়ার মোছড়া গ্রামের রেললাইনে উপর থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন মো. সবুর মোল্লা এবং মো. টমাস মোল্লা। সবুরের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার চালিতাতলা ও টমাসের গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের বাসিন্দা।
রাজবাড়ী রেল পুলিশের উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবুর মোল্লা এবং টমাস মোল্লা রাতে রেললাইনের পাশে বড়শি পেতে মাছ শিকার করছিলেন। বিলে বড়শি পেতে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি ট্রেন ঘটনাস্থলে ওই দুই ব্যক্তির ওপর দিয়ে চলে গেলে সেখানে কাটা পড়ে তাদের দেহ খণ্ডিত হয়ে যায়। প্রতিদিনের মতো তারা সকালে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এসময় স্থানীয় লোকজন রেললাইনের ওপর তাদের কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



































