করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে ১২০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে আরও ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় নতুন শনাক্তের হার ১৯ দশমিক ১৬ শতাংশ।
রোববার (২৯ আগস্ট) সকালে করোনায় শনাক্ত ও মৃত্যুর তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও কোভিড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ।
কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ জানান, শনিবার সকাল থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত কোভিড হাসপাতালে একজন পুরুষ রোগী মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫ জন। ১৮ জন পুরুষ ও ২৩ জন নারীসহ হাসপাতালে করোনায় চিকিৎসা নিচ্ছেন ৪১ জন। যার মধ্যে ১২ জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, জেলায় করোনায় শনাক্ত ও মৃত্যুর হার অনেক কমেছে। গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে সর্বশেষ ১২০টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বেগমগঞ্জে ১৬ জন। এছাড়া কবিরহাটে ৫ ও সোনাইমুড়ী এবং হাতিয়া উপজেলায় ১ জন করে রোগী রয়েছেন।
জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৮৫৫ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭২৪ জন রোগী। মারা গেছেন ২১৯ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৯১২ জন রোগী।




































