ছিনতাইকারীর গুলিতে ব্যাংকের এজেন্ট নিহত


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৩:৫৬ পিএম
ছিনতাইকারীর গুলিতে ব্যাংকের এজেন্ট নিহত

মেহেরপুর সদর উপজেলায় খাদেমুল ইসলাম নামে সিটি ব্যাংকের এক এজেন্টকে গুলি করে হত্যা করেছে ছিনতাইকারীরা। 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা খোকসা গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। 

খাদেমুল ইসলাম মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মুজিবনগর উপজেলা কোমরপুর বাজারে খাদেমুল ইসলাম ব্যাগ ভর্তি টাকা নিয়ে গাংনী এজেন্ট ব্যাংকে নিয়ে যাচ্ছিল। মাঠের মধ্যে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে টাকার ব্যাগটি ছিনতাইয়ের চেষ্টা করে।

এ সময় ব্যাংক কর্মকর্তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে যাওয়ার পথে তিনি মারা যান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, বিষয়টি শুনেছি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।
 

Link copied!