রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহীসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার (২৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং এলাকার আবুল হোসেনের ছেলে মুক্তার হোসেন (৩৮) ও সাউথ স্টেট ১১১ এলাকার মৃত খালেক শেখের ছেলে রাকিব উদ্দিন (৪০)। পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল নিহতদের পরিচয় নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, রাকিব ও মুক্তার ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাংশা কলেজ মোড় এলাকায় নির্মাণাধীন ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির বাস তাদের চাপা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হন তারা। স্থানীয়দের সংবাদে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পাংশা ফায়ার সার্ভিস ও স্টেশন কার্যালয়ের স্টেশন অফিসার রয়েল আহম্মেদ বলেন, “স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। এরপর মরদেহ দুইটি পুলিশের কাছে হস্তান্তর করি। ধারণা করা হচ্ছে তারা দুর্ঘটনার কবলে পড়লে পেছন থেকে একটি দ্রুত গতির একটি বাস তাদের চাপা দেয়।”
পাংশা হাইওয়ে থানার এসআই আতিকুল বলেন, “রাতে বৃষ্টি হচ্ছিল। মোটরসাইকেলটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এরপর তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছ।”



































