গ্রামবাসীর বুদ্ধিতে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ১০:১৪ পিএম
গ্রামবাসীর বুদ্ধিতে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রামবাসী লাল কাপড় টাঙিয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন ট্রেনের যাত্রীদের, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা। 

শুক্রবার (২০ আগস্ট) সকালে পাঁচবিবি-হিলি স্টেশনের মাঝামাঝি কোকতারা নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচবিবির কোকতারা এলাকায় রেললাইন ভাঙা দেখে কয়েক ব্যক্তি দ্রুত একটি লাল কাপড় টাঙিয়ে ট্রেনটি থামিয়ে দেন। এরপর রেললাইনের প্রায় ৮ ইঞ্চি ভাঙা অংশ মেরামত করা হয়। এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সান্তাহার জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, পাঁচবিবির কোকতারা এলাকায় রেললাইনের কিছু অংশ ভাঙা দেখে স্থানীয়রা লাল কাপড় ধরেন। এটি দেখে পঞ্চগড় অভিমুখী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনচালক ট্রেনটি দাঁড় করান। তারা ট্রেন থেকে নেমে এসে ওই স্থান ঠিক করে আবারও পরবর্তী স্টেশনে যাত্রা করেন। ট্রেনটি ভোর ৬টা ৪৫ মিনিটে দাঁড়িয়েছিল এবং এক ঘণ্টা বিলম্বের পর সকাল ৮টা ২৫ মিনিটে যাত্রা করে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 

Link copied!