২ কোটি টাকার সোনা জব্দ, আটক ৩


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৭:২১ পিএম
২ কোটি টাকার সোনা জব্দ, আটক ৩

চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় আড়াই কেজি স্বর্ণালঙ্কাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ আগস্ট) বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কের আলমডাঙ্গা প্রবেশমুখে বন্ডবিল গেটের কাছ থেকে স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করা হয়। আনুমানিক মূল্য ২ কোটি টাকা।

আটকরা হলেন প্রাইভেটকারের চালক চুয়াডাঙ্গার দর্শনা শ্যামপুরের নুর ইসলামের ছেলে মো. বাপ্পী (৩০), সদর উপজেলার বনানীপাড়ার রিপন হোসেনের ছেলে সম্রাট হোসেন এবং মাদারীপুরের জালালপুরের বাবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদার।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ জানান, একটি প্রাইভেটকারে করে স্বর্ণ পাচার করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে পুলিশ আলমডাঙ্গার প্রবেশদ্বার বন্ডবিল রেলগেট চেকপোস্ট বসায়। 

চেকপোস্ট দিয়ে প্রাইভেটকারটি যাওয়ার সময় পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মেফাউল হাসান থামতে বলেন। চালক গাড়ি না থামিয়ে আরও দ্রুত গতিতে পুলিশকে পাশ কাটিয়ে যাওয়া চেষ্টা করে। এসময় এসআই মেফাউল হাসান প্রাইভেটকারটিকে চ্যালেঞ্জ করেন। পুলিশ গাড়িটি তল্লাশি করে সিটের নিচ থেকে তুলা ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ কেজি ৫৮৫ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করে। 

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক জানান, আটকৃতরা আন্তজেলা স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের যার বাজার মূল্য প্রায় দুই কোটি।
 

Link copied!