কুমিল্লা সিটি কর্পোরেশন ও ১৭ উপজেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৮৫৬। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৬২ জন।
শনিবার (১৪ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৭৯৫ জনের নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ৯৫২। আক্রান্তের হার ২০ দশমিক ৪ শতাংশ।
নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৪২ জন, লাকসামের তিনজন, দাউদকান্দিতে একজন, লালমাইয়ের ছয়জন, নাঙ্গলকোটের ১০ জন, বরুড়ার উপজেলার ২০ জন, আদর্শ সদরের ৯ জন, বুড়িচংয়ের ৬১ জন, ব্রহ্মণপাড়ায় সাতজন, চান্দিনায় একজন, চৌদ্দগ্রামের দুইজন।
ডা. মীর মোবারক হোসাইন আরও বলেন, ‘২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন, লাকসাম, লালমাই এবং বরুড়া উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে।’

































