খুলনা জেলার শিয়ালী গ্রামে শ্রীশ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরসহ বিভিন্ন মন্দির ভাঙচুর, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা এবং বাড়িঘর ও দোকান লুটপাটের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতিবাদ সমাবেশ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মতুয়া মহাসংঘ এ কর্মসূচির আয়োজন করে।
বুধবার (১১ আগস্ট) দুপুরে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের ঠাকুর বাড়ীর শ্রীশ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দির প্রাঙ্গনে জয়পুর তারকধামের সদস্য পরীক্ষিত গোসাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে ঠাকুরবাড়ির সদস্য শ্রী সুপতি ঠাকুর, শ্রী দেবব্রত ঠাকুর, কাশিয়ানী উপজেলার চেয়ারম্যান সুব্রত ঠাকুর বক্তব্য রাখেন। এ সময় বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংখ্যালঘু নির্যাতন আইন ও সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানান। এ সমাবেশ ও প্রার্থনা সভায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত মতুয়া ভক্তরা অংশ নেন। এর আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।




































