পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

পাঁচ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১, ০৯:০৫ এএম
পাঁচ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঘন কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার জন্য মাঝ নদীতে যেকোনো ধরনের নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডাব্লিউটিসি।

এদিকে পাঁচ ঘণ্টা বন্ধ থাকায় তৈরি হয় নৈশকোচ এবং পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। কয়েক হাজার গাড়ি আটকা পড়ে দৌলতদিয়ায়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাক-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। এছাড়াও জিরো পয়েন্ট থেকে বাইপাস সড়কে রয়েছে ব্যক্তিগত গাড়ির সারি এবং দৌলতদিয়া ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দের মোড়ে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অপচনশীল পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের সারি।

ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়তে হয় রাজধানীগামী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষকে। প্রায় আড়াই ঘণ্টা তীব্র কুয়াশা এবং ঠান্ডা সহ্য করে তাদের অবস্থান করতে হয় ফেরিঘাট এলাকায়।

Link copied!