গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাড়ইপাড়া জুম্বাঘর এলাকায় পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর জেলার চৌগাছা এলাকার নূর ইসলাম (৫২) ও কালিয়াকৈরে উপজেলার পশ্চিম চান্দরা এলাকার পারভেজ মিয়ার ছেলে মাসুদ রানা বাবু (২৬)।
সোমবার (১৫ নভেম্বর) সকালে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে নূর ইসলাম ও মাসুদ রানা একটি মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাড়ইপাড়া জুম্বাঘর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নূর ইসলাম মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে মাসুদ রানা মারা যান।
ওসি মীর গোলাম ফারুক আরো জানান, পিকআপটি আটক করা যায়নি। তবে মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে। লাশ দুটি এখনো থানায় রয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশটি নেওয়ার জন্য আবেদন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের নিকট লাশ দুটি হস্তান্তর করা হবে।






































